
নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর):
নাটোরের লালপুরে রাতের অন্ধকারে আমবাগানে বসে ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার আইডি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করার সময় চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. লালন আহম্মেদ (২৮), পিতা-মো. আশরাফ আলী; মো. হৃদয় আলী (২৪), পিতা-মো. আ. মালেক এবং মো. সিজান আলী ওরফে সজিব (১৯), পিতা-মো. শফিকুল ইসলাম ওরফে সখিন। তাদের সবার বাড়ি নাটোর জেলার লালপুর থানাধীন মনিহারপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ৩টা ৪৫ মিনিটের দিকে লালপুর থানার এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মনিহারপুর সাকিনস্থ জনৈক মো. মহির উদ্দিন ওরফে মরু (৬৫)-এর আমবাগানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের সদস্যরা ধানক্ষেতে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
থানার রেকর্ডপত্র যাচাই করে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১ ও ৩ নম্বর আসামির বিরুদ্ধে পূর্বেও লালপুর থানায় মামলা রয়েছে। এর মধ্যে গত ১ এপ্রিল ২০২৬ তারিখে মারধরের অভিযোগে এবং ১০ আগস্ট ২০২৬ তারিখে সাইবার সুরক্ষা আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল।
এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Reporter Name 















