গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে একটি স্কুল মাঠে জানাজা নামাজ পড়তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওহিদ খানের ছেলে শেখ ফরিদ অভিযোগ করে বলেন, তার বাবা মৃত্যুবরণ করার পর স্থানীয় সমাজের মুরুব্বি ও স্বজনদের সঙ্গে পরামর্শক্রমে রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয় এবং মাইকিং করা হয়। কিছুক্ষণ পর স্থানীয় বিএনপি নেতা নাজমুল হুদা শাহীন তার চাচাকে ফোন করে ওই মাঠে জানাজা নামাজ পড়ানো যাবে না বলে জানান। পরে খোরশেদ নামের একজন সরেজমিনে এসে জানাজা পড়াতে নিষেধ করেন। বাধ্য হয়ে বাড়ি থেকে দূরের একটি মাঠে জানাজা সম্পন্ন করা হয়।
তিনি আরও বলেন, “এই অঞ্চলে আমার বাবা একজন সম্মানিত ও প্রবীণ ব্যক্তি ছিলেন। তার জানাজা নিজ এলাকার মাঠে পড়তে না পারায় আমরা চরমভাবে হতাশ ও কষ্ট পেয়েছি।”
নিহতের ছোট ভাই মমিন উদ্দিন বলেন, “যে মাঠে আমার ভাইয়ের শৈশব-কৈশোর কেটেছে, সেই মাঠেই জানাজা পড়তে দেওয়া হয়নি। অজুহাত দেখিয়ে একজন মানুষের জানাজায় বাধা দেওয়া খুবই দুঃখজনক।”
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা নাজমুল হুদা শাহীন বলেন, “স্কুল মাঠে জানাজা নামাজে বাধা দেওয়ার বিষয়টি সঠিক নয়। আমি কাউকে ফোন করিনি এবং কোনো বাধাও দেইনি।”
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।”
