গাজীপুর প্রতিনিধি:
কচি-কাঁচা একাডেমির ৩৬ বছর পূর্তি উপলক্ষে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির আয়োজনে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘Panjeree ISES Premier League (Panjeree IPL)’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ রোববার সন্ধ্যা সাতটায় গাজীপুর টার্ফে অনুষ্ঠিত হয়।
রোমাঞ্চকর ফাইনালে হায়দার’স হেকটরর্স ৪–৩ গোলে রোজি’স রয়ালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা ম্যাচে উভয় দলই দৃষ্টিনন্দন নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন Panjeree IPL–২০২৬-এর সভাপতি ও ইকবাল সিদ্দিকী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসমত উল্লাহ। এ সময় পাঞ্জেরী পাবলিকেশন্সের সৌজন্যে চ্যাম্পিয়ন দলকে ২ লাখ ৫০ হাজার টাকার প্রাইজমানির চেক প্রদান করেন প্রতিষ্ঠানটির রিজিওনাল হেড জাহাঙ্গীর হোসেন।
রানার-আপ রোজি’স রয়াল দলের হাতে ট্রফি তুলে দেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির নির্বাহী সদস্য এবং ইকবাল সিদ্দিকী কলেজের গভর্নিং বডির সদস্য মাটি সিদ্দিকী। একই সঙ্গে পাঞ্জেরী পাবলিকেশন্সের সৌজন্যে ১ লাখ টাকার প্রাইজমানির চেক প্রদান করেন সোসাইটির নির্বাহী সদস্য সাজেদা রোজী।
পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য প্রভাষক আমিনুর রহমান ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। ফাইনাল ম্যাচে যৌথভাবে ম্যান অব দ্য ফাইনাল হন সঞ্জীবন সরকার ও হায়দার সিদ্দিকী উদয়। বিজয়ীদের হাতে যথাক্রমে ২৫ হাজার ও ১০ হাজার টাকার প্রাইজমানি এবং দুটি স্মার্টওয়াচ তুলে দেন কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন।
আনন্দমুখর পরিবেশ ও করতালির মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।
