
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি শিশুদের মানবিক, নৈতিক ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী বলেন, “শিশুদের মানুষ করার কারিগর আপনারা। খেয়াল রাখতে হবে, কোনো শিশু যেন নির্দয় হয়ে বেড়ে না ওঠে—মানুষের প্রতি কিংবা পশু-পাখির প্রতিও নয়। তাদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “দেশ গড়তে মানবিক সৈনিক প্রয়োজন। সেই মানবিক সৈনিক গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। শিশুরা মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠলে মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।”
অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত এবং গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। পরে প্রাথমিক শিক্ষার অগ্রগতি এবং শিক্ষার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আজ এখানে এসে মনে হচ্ছে আমি এমন একটি কারখানায় এসেছি, যেখানে মানুষ গড়ার কারিগররা একত্র হয়েছেন।”
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের মধ্যে নৈতিকতা, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তিনি স্বীকার করেন, শিক্ষকদের কিছু সীমাবদ্ধতা ও সংকট রয়েছে এবং সরকার সেগুলো সমাধানের পাশাপাশি উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করবে, যাতে শিক্ষকেরা আরও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের গড়ে তুলতে পারেন।
প্রধানমন্ত্রী শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্বও তুলে ধরেন। একই সঙ্গে প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “গাছ বড় হবে, তোমরাও বড় হবে। গাছই হবে তোমাদের বন্ধু।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। সূচনা বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় বিভিন্ন পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান করা হয়।
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল খুদে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, যেখানে “মোবাইল শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ সহায়ক” বিষয়ক পক্ষ-বিপক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাট্য পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী অতিথি সারিতে বসে পুরো আয়োজন উপভোগ করেন।
Reporter Name 






















