
হেলাল শেখঃ ফেসবুকে একাধিক ভুয়া (ফেইক) আইডি ব্যবহার করে প্রতারণা ও হয়রানির অভিযোগে মেহেদী হাসান বিজয় ওরফে হাসানকে গ্রেফতার করেছে গাজীপুর সদর থানা পুলিশ।
গতকাল পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আলোচিত ‘লিপি আক্তার (Lipi Akter)’ নামে একটি ফেইক ফেসবুক আইডির প্রকৃত পরিচালনাকারী হিসেবে তাকে শনাক্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, ওই আইডি থেকে একজন নির্দিষ্ট ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা, সামাজিকভাবে অপদস্থ করা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছিল।অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। পরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়। এ মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কাউকে হয়রানি, মানহানি বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কোনো ব্যক্তি অভিযুক্ত বা গ্রেফতার হলেই তিনি অপরাধী প্রমাণিত হন না। আদালতে বিচার শেষে দোষী সাব্যস্ত হলে তবেই আইনগতভাবে তাকে অপরাধী হিসেবে গণ্য করা হয়। গণমাধ্যম কর্মী ছাড়া কেউ অতি উৎসাহিত হয়ে কারো বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন ও সচেতন মহল।
Reporter Name 




















